পাহাড়ে বক্তব্য রাখতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে কৈলাস বিজয়বর্গীয় - The News Lion

পাহাড়ে বক্তব্য রাখতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে কৈলাস বিজয়বর্গীয়

 


দি নিউজ লায়নঃ     পাহাড়ে বক্তব্য রাখতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। প্রবল অস্বস্তিতে বিজেপি। সোমবার কার্শিয়াংয়ে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে এসেছিলেন কৈলাস। প্রচারের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'নেপালে পিছিয়ে পড়া 11 টি জনজাতির জন্য একযোগে কাজ করবে কেন্দ্র এবং রাজ্য সরকার।' কৈলাসের এই মন্তব্যের পর ছিছিক্কার পড়ে যায় পাহাড়জুড়ে। যদিও ড্যামেজ কন্ট্রোলে নেমে বিজেপি দাবি করে, পাহাড়ের জনজাতির কথা বলতে গিয়ে মুখ ফসকে নেপালের কথা বলে ফেলেছেন তিনি যদিও বিষয়টিকে এত সহজ ভাবে নিচ্ছে না পাহাড়ের রাজনৈতিক দলগুলি। 


কৈলাস বিজয়বর্গীয় মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুঙ এবং বিনয় তামাং শিবিরের নেতারা। মোর্চার অভিযোগ, এই প্রথম নয় এর আগেও একাধিকবার বিজেপির কেন্দ্রীয় নেতারা দার্জিলিংয়ের পিছিয়ে পড়া জাতিদের 'আদিবাসী' স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে কার্যত ছেলেখেলা করেছেন আর এবার কৈলাস বিজয়বর্গীয় যে মন্তব্য করলেন তাতে বোঝা যায় কেন্দ্রীয় সরকার পাহাড়ের মানুষের আবেগকে কার্যত মস্করার বিষয় করে ফেলেছেন যা প্রতিটি পাহাড়বাসীর কাছে অত্যন্ত অপমানজনক।


 রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কৈলাস বিজয়বর্গীয় দার্জিলিং বলতে গিয়ে নেপাল বলে ফেলে শুধু দলকে নয় প্রবল অস্বস্তিতে ফেললেন কেন্দ্রীয় সরকারকেও। নেপাল একটি পৃথক রাষ্ট্র। তার এই মন্তব্যকে সামনে রেখে তীব্র প্রতিবাদ জানাতে পারে নেপাল সরকার। সেক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে মুখ পুড়তে পারে মোদি সরকারের। সব মিলিয়ে বিধানসভা ভোটের মধ্যে পাহাড়ে কৈলাস বিজয়বর্গীয় সৌজন্যে প্রবল অস্বস্তিতে ভাজপা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.